২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস-তারেক বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী

“পাকিস্তান আন্দোলনকে আপনারা সমর্থন করেননি? আপনারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন।”

ইউনূস-তারেক বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী
গাজীপুরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকে মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না।” 

শনিবার বিকালে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, “আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা লন্ডনের বৈঠককে বলেছে, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি৷ কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন। 

“পাকিস্তান আন্দোলনকে আপনারা সমর্থন করেননি? আপনারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আপনারা ৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন। আপনারা ৯৫ সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন। আপনারা ৫ আগস্টের পর আওয়ামীলীগকে মাফ করে দিয়েছেন৷ তাহলে আপনাদের রাজনীতিটা কিসের৷ রাজনীতি মানে জনগণের কাছে অঙ্গীকার।”  

নির্বাচন নিয়ে রিজভী বলেন, “ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে আবহাওয়া ভালো থাকে, রমজান নেই, পরীক্ষা নেই। রমজান মাসে কি প্রচার করা যায়? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন হয়, তবে এর চাইতে উপযুক্ত সময় আর নেই। এ সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য রয়েছে। আর এপ্রিল মাস! তখন প্রচন্ড গরম, ঝড়, হজ, রমজান, কোরবানির মৌসুম এসে যায়।”

এ সময় ভারতের ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, “এর মাধ্যমে ভারত পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে।” 

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক  রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাকিল, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদর উপজেলার সাবেক সভাপতি আবু তাহের মুসল্লী।