২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা খুলে দেওয়ার শর্তে সড়ক ছাড়লেন শ্রমিকরা

শ্রমিকরা মঙ্গলবার থেকে কাজে যোগ দেবেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 03:36 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।

সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ‘এম এম নিটওয়্যার লিমিটেড’ ও ‘মামুন নিটওয়্যার লিমিটেড’ কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। পরে কারখানা খুলে দেওয়ার আশ্বাসে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন আন্দোলনরত শ্রমিকরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ী-কাশিমপুর জোনের সরকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, “মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার শর্তে বেলা ১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।”

কারখানা শ্রমিক ও এলাকাবাসী বলেন, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিকালে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।

ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। সোমবার সকালে কারখানা দুটির শ্রমিকরা আবারও কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানায়। এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্ষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। 

গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। এ ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মালিকপক্ষ দাবি মেনে নিলে দুপুরে মহাসড়ক ছেড়ে দেন শ্রমিকরা। মঙ্গলবার থেকে তারা কাজে যোগ দেবেন।”