মাদারীপুরে ঘরে ২ সন্তানের লাশ, পাশে বসেছিলেন মা
ওই গৃহবধূ তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলায় ঘরের দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের মাকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির।
নিহত জান্নাতুল (৩) এবং মেহেরাজ (২) শরীয়তপুরের পালং থানার পশ্চিম সারেং গ্রামের সৌদি আরব প্রবাসী হালিম খানের মেয়ে।
আটক তাহমিনা তাবাসসুম (২৫) তার দুই কন্যা সন্তানকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, বিকালে ভাড়া বাসার নিচতলার ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করে।
এ সময় ওই ঘরে থাকা দুই শিশুর মা তাহমিনাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তাহমিনার বাবা তারা মিয়া বলেন, “বেশ কিছুদিন ধরে আমার মেয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে। তাকে ঢাকায় নিয়ে মানসিক চিকিৎসক দেখিয়েছি। গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় এনেছি।
“তবে আমার মেয়ে এমন ছিল না। তাকে নানা ধরনের মানসিক নির্যাতন করে অসুস্থ করে ফেলা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “ওই গৃহবধূ তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এটি ঘটেছে তা তদন্ত করে দেখছি।”
