২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক এমপি, বসুন্ধরার এমডির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ওসি বলেন, মামলায় ১২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 11:48 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাবেক সংসদ সদস্য, বসুন্ধরা গ্রুপের এমডিসহ ৩২৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

আহত ওমর ফারুক নামে এক ব্যক্তির পক্ষে উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বিপুল মিয়া মঙ্গলবার রাতে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন বলে শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান জানান।

তিনি বুধবার বলেন, মামলায় ১২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, শ্যালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক মহিলা দল নেত্রী বিউটি বেগম, তার স্বামী সাবেক সাব-রেজিস্ট্রার শাহ্ আলম, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও রেজ্জাকুল ইসলাম রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম রূপম, রেজাউল করিম চঞ্চল ও শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক সভাপতি আজিজুল হক, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের নেতা মুন্না চৌধুরী।

মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে পৌঁছায়। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা তাতে হামলা চালায়। এতে মিছিলে অংশ নেওয়া ওমর ফারুকের দুই চোখে গুলি লাগে। আরো অনেকে আহত হয়।

ওমর ফারুককে প্রথমে বগুড়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চোখের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তার চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।