১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ম ‘অবমাননা’: সমালোচনার মধ্যে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক

সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া বাসা থেকে শামীম আশরাফকে আটক করা হয়।

ধর্ম ‘অবমাননা’: সমালোচনার মধ্যে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক
পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্যের সঙ্গে শামীম আশরাফ (মাঝে)।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। 

সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া বাসা থেকে শামীম আশরাফকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত।

পুলিশ বলছে, সোমবার সকাল ১১টার দিকে ‘শামীম আশরাফ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে লেখা হয়, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”

এর দুই ঘণ্টা পর একই পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেই  পোস্টে একজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘শামীম আশরাফ’ ধর্ম অবমাননা করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে। 

এ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকার মধ্যে শামীম আশরাফকে আটকের তথ্য দেয় পুলিশ। 

আটক হওয়ার আগে ‘শামীম আশরাফ’ পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। 

সেখানে লেখা হয়, “আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর শামীম আশরাফকে আটক করা হয়।

আটকের পর নগরীর ছোটবাজারে তার ছাপাখানা—‘গ্রাফিটিতে’ অভিযান চালানোর কথাও জানান পুলিশের এ কর্মকর্তা।