শেরপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ৩ শিশু
হাম সন্দেহে ২০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।
শেরপুরে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বুধবার সকালে শেরপুরের সিভিল সার্জন মুহাম্মদ শাহীন বলেন, ১৫ দিনে এ জেলায় সন্দেহজনক হামের উপসর্গ রোগী পাওয়া গেছে ৪৭ জন। এর মধ্যে ১২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাম উপসর্গে হাসপাতালে ভর্তি ১০ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
সিভিল সার্জন বলেন, ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ২০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।
হামে আক্রান্ত রোগী, চিকিৎসক এবং রোগীর স্বজনদের স্বাস্থ্য বার্তা মেনে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুহাম্মদ শাহীন।
সেইসঙ্গে পরিবারের কেউ হামে আক্রান্ত হলে তাকে আলাদাভাবে রেখে পরিচর্যার কথা বলেছেন সিভিল সার্জন।
