৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দায়িত্বরত আনসার সদস্যের

রেল পুলিশের ধারণা, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 03:04 PM

Updated : 28 Dec 2023, 03:04 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেললাইন পাহারার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান।

নিহত রূপচান মণ্ডল (৫২) সদর উপজেলার মগড়া গ্রামের হারু মণ্ডলের ছেলে। 

নিহতের সহকর্মী ছানোয়ার জানান, সকালে দায়িত্বরত অবস্থায় নিখোঁজ হন রূপচান। পরে ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়।

এক পর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যদের লাশ রেললাইনের
পাশে পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।