২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুতে আলোচিত ‘ডামি প্যানেলের’ ভিপি প্রার্থী এখন শিবিরের নেতা

সালাহউদ্দিন আম্মারসহ তিন সমন্বয়কের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল শিবিরের ‘ডামি প্যানেল’ কিনা সে গুঞ্জন ভোটের সময় ওঠেছিল।

রাকসুতে আলোচিত ‘ডামি প্যানেলের’ ভিপি প্রার্থী এখন শিবিরের নেতা
ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বতন্ত্র ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব ইসলামী ছাত্রশিবিরের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

সোমবার ফেইসবুক অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্যাডে প্রচার ও মিডিয়া সম্পাদক পদে নিজের স্বাক্ষরযুক্ত একটি প্রতিবাদলিপি পোস্ট করেন তিনি। এর পরই তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮টিতে প্রার্থী দেয় প্যানেলটি।

সে সময় ভিপি পদে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব, জিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেবের নাম ঘোষণা করা হয়।

প্যানেলে ঘোষিত কয়েকজন প্রার্থীর ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্টতা রয়েছে- এমন কথা তখনি ওঠেছিল। এই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ‘ডামি প্যানেল’ বা ‘ছায়া দল’ নিয়ে আলোচনা শুরু হয়। ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলটি শিবিরের ‘ডামি প্যানেল’ কি-না, সে প্রশ্নও ওঠে। তবে সে সময় ভিপি ও জিএস প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

পরে এজিএস প্রার্থী আকিল বিন তালেব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ভোটে এই প্যানেল থেকে জিএস পদে নির্বাচিত হন সালাহউদ্দিন আম্মার।

নির্বাচনি প্রচারে তুলনামূলকভাবে নীরব ছিলেন ভিপি প্রার্থী মেহেদী সজীব। শিক্ষার্থীদের একাংশের মধ্যে জনপ্রিয়তা থাকলেও মাঠে সক্রিয় না থাকায় প্রশ্ন ওঠে- তিনি ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন কি-না। কথা উঠেছিল, শিবির-সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই তিনি সক্রিয় হননি। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেন সজীব। তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে প্রচারে অংশ নিতে পারেননি। পরে নির্বাচনে তিনি ৩২৩ ভোট পান।

শিবির সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে মেহেদী সজীব মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই আন্দোলনের সময় থেকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি মোজাহিদ ফয়সাল ভাইয়ের সঙ্গে সমন্বয় করে আমি আন্দোলন ও আন্দোলন-পরবর্তী সময়ে কাজ করেছি। মূলত ক্যাম্পাসে আন্দোলন পরিচালনা ও মুভমেন্টকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে শিবিরের সঙ্গে আমার সংশ্লিষ্টতা তৈরি হয়।”

রাকসু নির্বাচনে নিজের প্যানেলকে ‘ডামি’ হিসেবে রাখা হয়েছিল কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি চাইনি শিক্ষার্থীরা আমার পরিচয় না জেনে আমাকে ভোট দিয়ে পরে নিজেদের প্রতারিত মনে করুক। এই কারণে আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকিনি।”

একই সংগঠনের প্যানেল থেকে ভিপি প্রার্থী দেওয়ার পাশাপাশি আরেকজনকে স্বতন্ত্র হিসেবে প্রার্থী করা সাংঘর্ষিক কিনা- জানতে চাইলে সজীব বলেন, “না, এটি সাংঘর্ষিক ছিল না। ভিপি পদে শেষ পর্যন্ত একজনকেই রাখার সিদ্ধান্ত ছিল। আমি আমার জায়গা থেকে নির্বাচনে অংশ নিয়েছি। প্যানেল দেওয়ার সিদ্ধান্তও এককভাবে আমার ছিল না; আশপাশের যারা ছিলেন, তারাই প্যানেল দেওয়ার কাজটি করেছেন।”

রাকসুতে সাবেক সমন্বয়কদের প্যানেল, 'ডামি' কিনা, প্রশ্ন

রাকসু: এবার সাবেক দুই সমন্বয়কের নেতৃত্বে নতুন প্যানেল ঘোষণা