‘আমাদের নতুন কারিকুলাম সার্কভুক্ত দেশগুলোও ফলো করছে’
অধ্যাপক নেহাল আহমেদ বলেন, “নতুন কারিকুলাম নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার অভিভাবকদের মিসলিড করে।“
বাংলাদেশের নতুন কারিকুলাম সার্কভুক্ত অন্য দেশগুলোও অনুসরণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাউশি মহাপরিচালক বলেন, “নতুন কারিকুলামের শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা যে কাজটা শুরু করেছি ভারতেও তা পাইলটিং হচ্ছে। হয়তোবা তারাও (ভারত) ১-২ বছরের ভিতরে এই শিক্ষাটা নিয়ে আসবে। তবে একটা আশার কথা হল, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরাই প্রথম শুরু করেছি।”
অধ্যাপক নেহাল আহমেদ বলেন, “নতুন কারিকুলাম নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার অভিভাবকদের মিসলিড করে। কারণ কোচিংয়ের বই ও গাইডের একটা বিশাল মার্কেট আছে।
“আমরা মোটামুটি খবর পেয়েছি তিন হাজার কোটি টাকার উপরে তারা পুঁজি খাটিয়েছে। এত টাকা খাটিয়েছে আর তাদের বই, কোচিং চলবে না- স্বাভাবিকভাবে এদের একটা বিশাল গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটাই আমাদের বিপক্ষে অবস্থান নেবে। ”
নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের ‘উদ্বিগ্ন হওয়ার’ কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, “সারা বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের এমন রূপান্তর ঘটানো ছাড়া বিকল্প ছিল না।”
সরকারি কলেজে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সরকারিকরণের বিষয়ে মাউশি মহাপরিচালক বলেন, “এ বিষয়ে আমাদের একটা চেষ্টা আছে, আলোচনা আছে। কিন্তু অনেকের সরকারি চাকরি করার বয়স নেই। তাই অন্য কোনোভাবে তাদেরকে প্রোভাইড করা যায় কিনা সেটা মন্ত্রণালয়ের চিন্তা-ভাবনার মধ্যে আছে।”
এর আগে মাউশির নতুন মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
