ডাকাতির মামলায় যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের জেল
২০০৬ সালের ৩০ জুলাই রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তাদের এই সাজা দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় এক যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল হক পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওমর ফারুক নয়ন।
দণ্ড পাওয়ারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯) এবং মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।
রায় ঘোষণার সময় যুবদল নেতা আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে এপিপি ওমর ফারুক বলেন, ২০০৬ সালের ৩০ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাতপরিচয়দের আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে ১০ জনকে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই মাস করে কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
