টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ভোরে মোটরসাইকেলে টঙ্গী যাচ্ছিলেন আনোয়ার হোসেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান জানান।
নিহত ৩৪ বছর বয়সী আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দুলভিটি গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তিনি পুরাতন জিনিসপত্র কেনাবেঁচার (ভাঙ্গারি) ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাতে পরিদর্শক সজল বলেন, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেলে টঙ্গী যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথে গুণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।
এ সময় আনোয়ার হোসেন ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
