ময়মনসিংহে বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ
ওসি বলেন, জুয়া ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের মামলায় সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
ময়মনসিংহ সদর উপজেলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার দাপুনিয়া বাজারে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এই অবরোধ করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ শেখ সাদী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার রাতে তাকে দাপুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া শফিকুল ইসলাম বলেন, “অযৌক্তিকভাবে সাদীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।”
স্থানীয় ইকবাল হাসান জানান, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের ভোগান্তিও চরমে পৌঁছে।
এ বিষয়ে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জুয়া ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগের মামলায় সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
