Published : 16 Feb 2025, 09:11 PM
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে আওয়ামী লীগের আরও ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম (মিডিয়া উইং) শাখার পুলিশ পরিদর্শক মো. শাহিদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।
এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৯১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ ও সেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক শাহিদুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী যৌথভাবে ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রেখেছে।
“গত বছরের ৫ অগাস্টে সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও মাছের ঘের দখলের মামলা হয়।”
তিনি বলেন, এসব মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।