ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
ঢাকা থেকে বরিশালগামী বাসটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় বলে জানায় পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে গেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. শাহাদাৎ হোসেন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন- পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), বরগুনার আমতলী উপজেলার পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ৪০ থেকে ৪৫ যাত্রীর মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন; তবে এতে কেউ মারা যাননি বলে জানান তিনি।
এসআই শাহাদাৎ হোসেন বলেন, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
