২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ইয়াবাসহ ৩৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে সব ধরনের মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 01:58 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় ৩৮ লাখ টাকার চোরাই মালামাল জব্দের খবর জানিয়েছে বিজিবি।

রোববার দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ কথা জানান।  

বিজিবি বলছে, বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদি পশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাই পণ্য জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় জালনোটসহ সব ধরনের মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।