২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে শাবলের আঘাতে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী আটক

পলাশ তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঝালকাঠিতে শাবলের আঘাতে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী আটক
ঝালকাঠির কাঁঠালিয়া থানা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 11:11 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার এসআই সোহেল রানা।

নিহত পলাশ হাওলাদার (৪৫) নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের প্রয়াত লুৎফর রহমানের ছেলে। তিনি কাঁঠালিয়ায় শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি একটি ফার্মেসি চালাতেন।

পলাশের চাচা নান্না হাওলাদার বলেন, মনজু মল্লিকের মেয়ে লিজা আক্তারের সঙ্গে পলাশের বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তারা কাঁঠালিয়ায় বসবাস করছিলেন।

তিনি বলেন, পলাশের আহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন তিনি।

এসআই সোহেল রানা বলেন, ঘটনার পর পলাশের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।