বরিশালে গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেল বের করে আগুন
বিএনপি নেতা দাবি করেন, ১৫ অগাস্ট উপলক্ষে ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটতে পারে।
বরিশালের উজিরপুর উপজেলায় একটি গ্যারেজের দরজা খুলে মেরামতের জন্য রাখা মোটরসাইকেল বের করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম।
তিনি বলেন, চেরাগ আলী বাজারের মেকানিক মো. রিপনের গ্যারেজে মোটরসাইকেলটি মেরামতের জন্য রাখা ছিল। গভীর রাতে গ্যারেজের দরজা খুলে সেটি বাইরে বের করা হয়।
পরে সাতলা-চেরাগ আলী-ধামুরা সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সেটি পুড়ে যায়।
ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।
ওটরা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু মোল্লা দাবি করেন, “১৫ অগাস্ট উপলক্ষে ইউনিয়ন যুবলীগের নেতা মেহেদী হাসান ও মোজাম্মেল হোসেন ফেইসবুকে পোস্টার ও ফেস্টুনের ছবি পোস্ট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটতে পারে।”
