১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুবলীগের মিছিল: ময়মনসিংহে এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি

২১ অগাস্টের মিছিলের ঘটনায় চার দিনে মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 01:32 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  

কোতোয়ালি থানার অধীন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় বদলি করা হয়েছে। 

সোমবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানান। 

১ নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই এবং ১৭ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। নতুন থানায় শিগগির জনবল পদায়ন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

পুলিশ জানায়, ২১ অগাস্ট নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনারপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে একযোগে সবাইকে বদলি করা হয়েছে। 

এদিকে, বিক্ষোভ মিছিলের পর থেকে চার দিনে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, মাসুদ, তানভীর ওরফে লিমন রয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এসআই মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন।