২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারো ষড়যন্ত্রে বিএনপিকে নিঃশেষ করা যায়নি: শাহজাহান

নোয়াখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 06:12 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে; কিন্তু সাধারণ মানুষের আস্থার কারণে তা করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। 

তিনি বলেছেন, “বিএনপি জনগণের দল, এ দলের ভিত্তি, আস্থা ও সমর্থন জনগণের মাঝে। আমরা কর্মীদের থেকে বেশি আস্থা রাখি সর্বশক্তিমান আল্লাহুতায়ালা ও জনগণের ওপর।  

“যার কারণে জিয়াউর রহমানের দল বিএনপির বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্রের পরেও এ দলেকে এখনো নিঃশেষ করতে পারেনি কেউ।”

শাহজাহান শনিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বন্যা দুর্গত ১৪০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক প্রচার সম্পাদক মিনারুল ইসলাম মিনার ও সাবেক ছাত্রদল নেতা মাস্টার আব্দুল হান্নানের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। 

শাহজাহান বিএনপি নেতাকর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানান।        

১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গ টেনে শাহজাহান বলেন, “আমাদের বহু নেতা গুম হয়েছেন, এখনো খবর নেই। আমাদের অনেক নেতা শাহাদাত বরণ করেছেন, অনেকে পঙ্গু হয়ে গেছেন। জেল-জুলুম তো নিত্যদিনের ঘটনা ছিল। আমি নিজেও অনেকগুলো মামলার আসামি। এতকিছুর পরও আমাদের শেষ করা যায়নি।”