১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেলেঙ্কারির পর নতুন ডিসি পেল শরীয়তপুর

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা বেগমকে শরীয়তপুরের নতুন জেলাপ্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ভিডিও কেলেঙ্কারিতে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে সরিয়ে দেওয়ার ১৬ দিন পর সেখানে নতুন ডিসি দেওয়া হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা বেগমকে শরীয়তপুরের নতুন জেলাপ্রশাসক হিসেবে বদলি করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এক নারীর সঙ্গে শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের ঘনিষ্ঠতার একটি ভিডিও গত ২০ জুন ইন্টারনেটে ছড়িয়ে দেন প্রবাসী এক সাংবাদিক। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে বলা হয়, মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে ‘বিয়ের স্বপ্ন’ দেখিয়েছিলেন।

এরপর সমালোচনার মধ্যে ২১ জুন আশরাফ উদ্দিনকে শরীয়তপুরের ডিসির দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

ওই নারী সাংবাদিকদের বলেছিলেন, “উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছে।

“সে আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে তার প্রতি আসক্ত করেছে। সে এখন কলঙ্কিনী বানিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু সে রাজার হালে রয়েছে। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্ধা করছে। ওর কারণে দুটি সংসার নষ্ট হয়ে গেছে। আমি এখন তার বিচার চাই।”

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বছর ছয়েক আগে ২০১৯ সালে নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের তৎকালীন জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকে বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে হয়।