Published : 21 Jul 2026, 03:05 PM
মানিকগঞ্জের সিংগাই উপজেলায় ট্রাকের অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির প্রাণ গেছে। এ ঘটনায় আরহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার খোর্দযোগিনী উল্লেখ থাকলেও প্রাথমিক অনুসন্ধানে ওই তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের মিল পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মাজহারুল বলেন, “ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।”
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।