২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা কে‌টে যাওয়ায় ২ নৌপথে ফেরি চলাচল শুরু

মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোও ঘাটে ফিরতে রওয়ানা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।

রাজবাড়ী প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 11:37 AM

Updated : 26 Aug 2026, 11:06 AM

ঘন কুয়াশায় বন্ধ থাকার পর ১০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট এবং ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।  

বৃহস্প‌তিবার সকাল ১০টার দিকে কুয়াশা কে‌টে গে‌লে ফেরি চলাচল স্বাভাবিক হয় ব‌লে জানায় বিআইডব্লিউটিসি কর্মকর্তারা। মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোও ঘাটে ফিরতে রওয়ানা হয়েছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, মধ‌্যরাত থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত ৩ টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০ টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়।

অপরদিকে, বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার তীব্রতায় আরিচার সঙ্গে পাবনার কাজিরহাট নৌপথে ফে‌রি চলাচল বন্ধ বুধবার রাত ১১টা ৫০ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কে‌টে গে‌লে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ফে‌রি চলাচল শুরু হয়। 

এদিকে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকাগুলোয় শতাধিক যানবাহন নদীপারের অপেক্ষায় ছিল। এরম‌ধ্যে পণ‌্যবা‌হি ট্রা‌কের সংখ‌্যাই বে‌শি। এতে তীব্র শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা থে‌কে অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা।

ঝিনাইদহ থে‌কে দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টে আসা ট্রাক চালক ইয়া‌ছিন মোল্লা ব‌লেন, রাত ৩টার সময়  ঘা‌টে এ‌সে জান‌তে পা‌রি ফে‌রি বন্ধ। তখন থে‌কে গা‌ড়ি‌তে ব‌সে আছি। 

মাগুড়া থে‌কে আসা ট্রাক চালক কা‌দের খান ব‌লেন, রাত তিনটায় দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টে এসে সি‌রিয়া‌লে আটকা প‌ড়ি। গা‌ড়ি থে‌কে নে‌মে জান‌তে পা‌রি কুয়াশায় ফে‌রি চলাচল বন্ধ। সারা রাত গা‌ড়ি‌তে ব‌সে কা‌টি‌য়ে দিলাম। 

রাজবাড়ী থে‌কে ছে‌ড়ে আসা গো‌ল্ডেন প‌রিবহ‌নের যা‌ত্রি রা‌জিব খান ব‌লেন, সকাল সাতটার সময় ফে‌রি ঘা‌টে এসে ব‌সে আছি। মধ‌্য রাত থে‌কে কুয়াশায় ফে‌রি চলাচল বন্ধ। জরু‌রি কা‌জে ঢাকা যে‌তে হ‌বে। শীত শুরু হলেই কুয়াশার জন্য ফেরি বন্ধ রাখা হয়। এতে প্রায়ই এ পথের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। 

আগের খবর

মানিকগঞ্জের দুই নৌপথে নদীতে আটকা ৪ ফেরি, চলাচল বন্ধ