২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে টাকা ‘ছিনতাই’: সিরাজগঞ্জে যুবদল নেতাসহ ৪ জন আসামি

ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এক ব্যবসায়ীর ছেলেকে মারধর করে তার কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করা হয় বলে জানায় পুলিশ।

প্রকাশ্যে টাকা ‘ছিনতাই’: সিরাজগঞ্জে যুবদল নেতাসহ ৪ জন আসামি
যুবদল নেতা তৌকির আহমেদ স্বপন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

রোববার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি করা হয় বলে জানান এ থানার ওসি গোলাম কিবরিয়া।

আসামিরা হলেন- রায়গঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ও ধানগড়া মহল্লার আব্দুস সালামের ছেলে তৌকির আহমেদ স্বপন (৩৯), তার সহযোগী একই এলাকার কামরুজ্জামান বাবুর ছেলে মো. প্রান্ত (২৫), বেতুয়া পূর্বপাড়ার দেরাজ আলীর ছেলে মো. শাহিন (২৬) এবং মহেশপুর গ্রামের আবু আক্তারের ছেলে মো. তানভীর (২৩)।

মামলার বরাতে ওসি গোলাম কিবরিয়া বলেন, “উপজেলার ধানগড়া প্রামানিক পাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের কাছ থেকে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল যুবদল নেতা স্বপন। টাকা দিতে অস্বীকার করায় তাকে ভয়ভীতি দেখানো হয়।

“রোববার দুপুরে নুরুলের ছেলে আসাদুল ইসলাম একটি চটের ব্যাগে করে চার লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে স্বপন ও তার সহযোগীরা ধানগড়া বাসস্ট্যান্ড মোড়ে আসাদুলের গতিরোধ ও মারধর করে চার লাখ টাকা ছিনিয়ে নেয়।”

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় রাতেই ব্যবসায়ী নুরুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি গোলাম কিবরিয়া।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।