Published : 04 Apr 2026, 08:27 PM
বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
সমাজে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেছেন, “সমাজের প্রত্যেকটি মানুষের সমান অধিকার রয়েছে। বস্তিবাসীরাও এ অধিকারের বাইরে নয়।
“তারাও যেন সাধারণ মানুষের মতো উন্নত ও মানসম্মত জীবনযাপন করতে পারেন, সরকার সেই লক্ষে কাজ করছে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার বিকালে ময়মনসিংহ নগরের আকুয়া জুবিলী কোয়ার্টার বস্তি এলাকা পরিদর্শন শেষে এক সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী বস্তির সরু গলি ঘুরে দেখেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইকবাল হোসেইন বলেন, “আমরা সরকারে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। জনগণের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য। ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকও মাত্র ১৬ দিন হলো দায়িত্ব নিয়েছেন। তিনি জনসেবার কাজে অত্যন্ত আন্তরিক।
“আমরা আজ সরাসরি এখানে এসে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র দেখে গেলাম। এখানকার মানুষ কী অবস্থায় আছে এবং তাদের কী কী সমস্যা রয়েছে, তা এখন আমাদের কাছে পরিষ্কার।”
স্থানীয় সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে কেউ বঞ্চিত হবে না জানিয়ে প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয় থেকে বস্তিবাসীদের আবাসন, পয়োনিষ্কাশন এবং সুপেয় পানির সমস্যা নিরসনে প্রয়োজনীয় আর্থিক জোগান দেওয়া আশ্বাস দেন।
এ সময় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত ছিলেন।