চুয়াডাঙ্গায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার
ঘটনার পাঁচ দিন পর বৃদ্ধা দামুড়হুদা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
ঘটনার পাঁচ দিন পর সোমবার সকালে বৃদ্ধা ধর্ষণের অভিযোগে মামলা করলে ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে জানান দামুড়হুদা মডেল থানার এএসআই পূরবি বসু।
গ্রেপ্তার মো. তরিকুল ইসলাম (২০) উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
এএসআই পূরবি বসু বলেন, মামলার পর ওই তরুণকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে বৃদ্ধাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
থানায় করা মামলায় বৃদ্ধা অভিযোগ করেছেন, বুধবার দুপুরে মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সাহায্যের কথা বলে তাকে বাড়িতে পৌঁছে দিতে চায় তরিকুল ইসলাম।
তিনি তরুণের হাতে ব্যাগটি দেন এবং তার পেছন পেছন একটি মাঠ দিয়ে বাড়ির দিকে যেতে থাকেন। পথে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে করেন তিনি।
এ ঘটনার পর মানসম্মানের কথা বিবেচনা করে শুরুতে মামলা করতে চাননি তিনি। পরে বিষয়টি জানাজানি হলে তিনি মামলা করেন।
