মানিকগঞ্জে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ
শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা অবরোধ করেন।
মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা খন্দকার আকবর হোসেন বাবলুর কর্মী-সমর্থকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা অবরোধ করেন বলে শিবালয় থানা ওসি এসএম আমানউল্লাহ জানান।
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও জেলা কৃষকদলের সাবেক আহবায়ক (বহিস্কৃত) তোজাম্মেল হক তোজা মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বৃহস্পতিবার বিকালে দলের পক্ষ থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে মনোনয়ন দেওয়া হয়।
এরপর রাতে খোন্দকার আকবর হোসেন বাবলুর কর্মী-সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন। তোজাম্মেল হক তোজা ও তার অনুসারীরাও সমাবেশ করেন।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, “মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
