গাজীপুরে বাইক-অটোরিকশা সংঘর্ষ, সৌদি প্রবাসী ও কলেজছাত্র নিহত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় বাইকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে সৌদি প্রবাসী ও এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার দুপুরে জেলার কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার এসআই রাশেদ মিয়া জানান।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই রাশেদ বলেন, ওই দুই যুবক বাইকে কাপাসিয়া সদরের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ী এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়।
পুলিশ জানায়, এতে বাইকে থাকা ইমরান ও জহিরুল সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন ও অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার বলেন, “দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এসআই রাশেদ মিয়া বলেন, “দুর্ঘটনাকবলিত বাইকটি উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।”
