অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাসহ আটক ৭
“আটকদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে।”
অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে আটক করেছে বলে খবর এসেছে।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করে। পরে যৌথবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে আরও ছয়জনকে।
অভিযানের সময় একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি ধারালো কুড়াল, দুটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি ৩টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়।
ওসি এ কে এম আজমল হুদা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর হাতিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আটকদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
