প্রাথমিক শিক্ষায় বাজেট বাড়াতে হবে: উপদেষ্টা
শনিবার ময়মনসিংহে নেপ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষা ও গবেষণায় বাজেট বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেছেন, “দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুক হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মাধ্যমেই হয়। তারা গবেষণা করে। তবে গবেষণা খাতে বাজেটও পর্যাপ্ত নেই। তাদের গবেষণাগুলো ছোট ছোট হলে পরেও সেগুলো বাস্তবধর্মী।
“আমাদের সমস্যাগুলো নিয়েই তার গবেষণা করে যেগুলো বাস্তবায়নযোগ্য। এ খাতে বাজেট বৃদ্ধি করতে হবে পাশাপাশি গবেষণালব্দ ফলাফলের বাস্তব প্রয়োগ করতে হবে।”
শনিবার ময়মনসিংহে নেপ মিলনায়তনে মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত এবং নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।”
নেপ মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, নেপ পরিচালক দিলরুবা আহমেদ।
