চুয়াডাঙ্গায় পটকা বিস্ফোরণে তিন শিশু আহত, ১ জনের আঙুল বিচ্ছিন্ন
ওই শিশুরা খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে পটকা তৈরি করছিল বলে জানিয়েছে পুলিশ।
দিয়াশলাইয়ের বারুদ দিয়ে তৈরি দেশীয় ‘পটকা’ বিস্ফোরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তিন শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ভাংবাড়িয়া গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল জানিয়েছেন।
আহত শিশুরা হলো- ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে রনক হোসেন (১৩), উজ্জ্বল হোসেনের ছেলে হোসাইন আলী (১১) ও আমদ আলীর ছেলে লাল মিয়া (১১)।
স্থানীয়দের বরাতে ওসি বানী ইসরাঈল বলেন, “সকালে শিশুরা খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে ‘পটকা’ তৈরি করছিল। এক পর্যায়ে সেটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনজনই আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণের তীব্রতায় শিশু রনকের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রনককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠায়।”
ওসি ইসরাঈল বলেন, “ইউটিউব দেখে শিশুরা কৌতূহলবশত এসব বিপজ্জনক কাজে জড়িয়ে পড়ছে। দিয়াশলাইয়ের বারুদ বা দেশীয় বাজি যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।
“অভিভাবকদের উচিত সন্তানরা কোথায় যাচ্ছে এবং কী নিয়ে খেলছে, সে বিষয়ে সতর্ক থাকা এবং নজরদারি রাখা। সামান্য অসতর্কতায় একটি শিশুর ভবিষ্যৎ চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।”
