জেল থেকে বেরিয়ে ফের গ্রেপ্তার রাজশাহীর সাবেক এমপি রায়হানুল
৫ অগাস্ট চারঘাটে ছাত্র-জনতার মিছিল হামলার একটি মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অসুস্থতার কারণে জামিনে মুক্তি পাওয়ার পর রাজশাহী-৬ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক ফের গ্রেপ্তার হয়েছেন।
এদিকে জেলগেটে বাবাকে নিতে এসে ছেলে রেজাউন উল হককে (২৭) অপহরণের অভিযোগ ওঠে। তবে পরে ছাত্রদল নেতাদের মধ্যস্থতায় ছাড়া পান তিনি।
সোমবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে নগরের সাহেববাজার এলাকা থেকে রাহেনুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজশাহী জেলা ডিবির পরিদর্শক রুহুল আমিন।
এর আগে ২০ অগাস্ট রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়।
ডিবির পরিদর্শক রুহুল আমিন জানান, ৫ অগাস্ট চারঘাটে ছাত্র-জনতার মিছিল হামলার একটি মামলায় রায়হানুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রায়হানুল হকের স্ত্রী নার্গিস খাতুন চারঘাট পৌরসভার সাবেক মেয়র। নার্গিস খাতুনের অভিযোগ, শহরের কিছু ছাত্রদলের নেতাকর্মী তার ছেলেকে (রেজাউন উল হক) কারাগারের সামনে থেকে তুলে নিয়ে যান।
এ সময় ঘটনাস্থলে আসা নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল আলমকে অপহরণের কথা জানান নার্গিস খাতুন।
তিনি বলেন, “সন্ধ্যার পর আমি, ছেলে, একজন আত্মীয় ও আইনজীবী কারাগারের সামনে যাই। সেখানে বসার জায়গা না পেয়ে আমি পাশের মোড়ের দিকে যাই। আর কারাগারের সামনে অপেক্ষা করেন রেজাউন ও আইনজীবী।
“এ সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী আইনজীবীকে মারধর করে রেজাউনকে তুলে নিয়ে যান। এরপর ছেলের মোবাইল ফোনে কল দেই। তখন রেজাউন বলে, ‘আমাকে কারাগারের পাশে পদ্মা নদীর ধারে নিয়ে যাওয়া হয়েছে। তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।”
নার্গিস খাতুন জানান, কিছুক্ষণ পর কারাগারের সামনে যুবদল ও ছাত্রদলের কয়েকজন আসেন। তারা এক আত্মীয়ের পরিচিত। ছাত্রদল ও যুবদলের এই নেতাকর্মীরা রেজাউনকে উদ্ধারে মধ্যস্থতা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় তার এক মামাতো ভাইয়ের কাছে দেওয়া হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা ফামিন বলেন, “সাবেক এমপির ছেলেকে মুক্তিপণের দাবিতে তুলে নেওয়ার অভিযোগ সঠিক নয়। তবে ওই ছেলের মোবাইলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাংগঠনিক অনেক তথ্য পাওয়া গেছে।
“এ জন্য ছাত্রদলের কয়েকজন তাকে পুলিশে দেওয়ার জন্য ধরেছিলেন। পরে একটা সূত্রে আত্মীয়তার পরিচয় পাওয়া গেলে, ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়।”
রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, “কেউ বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন। সেখান থেকে খবর পেয়ে কারাগারের সামনে গিয়ে নার্গিস খাতুনের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে নার্গিসের মোবাইল ফোনে কল আসে যে, তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওসি আশরাফুল আলম।
