২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে

ফরিদপুরে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় ওই যুবক দেড় মাস ধরে কারাগারে আছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 09:53 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ধর্মীয় ও সামাজিক রীতিতে বিয়ের প্রায় দেড় মাসের মাথায় তা অস্বীকারের অভিযোগ উঠেছে বধূ ও স্বজনদের বিরুদ্ধে। উপরন্তু ধর্ষণ মামলায় স্বামীকে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটেছে।

ছেলের পরিবারের দাবি, দুই পরিবারের সম্মতিতে ২২ মে ওই কিশোরীর সঙ্গে তাদের ছেলের বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের জেরে তাকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। 

শনিবার নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা ওই মামলায় ২ জুলাই থেকে ওই যুবক কারাগারে আছেন।

কারাগারে থাকা রুমন খন্দকার (২০) উপজেলায় তালমা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানান, দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে রুমনের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের পক্ষ থেকে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিয়ের আগে কনের বাড়িতেও আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের মত অনুষ্ঠান। এরপর ৪০ জন বরযাত্রী নিয়ে যাওয়া হয় কনের বাড়িতে। সেখানে খাওয়া-দাওয়া শেষে দুই পরিবারের স্বজন, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কার্য সম্পন্ন হয়।

তবে কনের বয়স কম হওয়ায় নিবন্ধন করা হয়নি। প্রাপ্তবয়স্ক হলে বিয়ের নিবন্ধন করা হবে বলে দুই পরিবারের পক্ষে সম্মতি দেওয়া হয়। পরে কনেকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয় বরের বাড়িতে। বিয়ের সামাজিক ও ধর্মীয় রীতির প্রমাণ ও অনুষ্ঠানের ভিডিও সাংবাদিকদের সরবরাহ করেন ভুক্তভোগী পরিবার।

পরিবারটির ভাষ্য, বিয়ের দুদিন পর সামাজিক রীতি অনুযায়ী কনের বাড়িতে গেলে নাটকীয় পরিবর্তন ঘটে। 

রুমনের মামা হাফিজুর রহমান বলেন, “আমার ভাগনের সঙ্গে বাসর রাত থেকে ওই মেয়ের মনোমালিন্য হয়। বাসি বিয়েতে (সামাজিক রীতি) গিয়ে ওই মেয়ে আর আসতে চায় না। কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি অন্য একজনের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক রয়েছে।

“এরপরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ফিরিয়ে আনা হয়। কিন্তু কয়েকদিন পর আবারও বাড়িতে ফিরে গেলে আর আসেনি। মেয়েটির পরিবারও আমাদের সঙ্গে কথা বলতে চায়নি।”

হাফিজুর রহমানের ভাষ্য, ২ জুলাই গভীর রাতে হঠাৎ করেই রুমনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পর দিন থানায় গিয়ে তারা জানতে পারেন একটি ধর্ষণ মামলায় রুমনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন ওই কিশোরীর দাদি মামলাটি করেন। পরে রুমনকে কারাগারে পাঠানো হয়।

মামলার বরাতে পুলিশ জানায়, ১৯ জুন বিকাল ৫টায় বাড়ির পাশ থেকে মেয়েটিকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর রুমনের বাড়িতে মেয়েটিকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়।

পরদিন সকালে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে মেয়েটি পরিবারকে ঘটনা খুলে বলে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে জানতে ওই কিশোরীর দাদিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কোনো বিয়ে হয়নি। এ ছাড়া তিনি মামলার এজাহারের বর্ণনা হিসেবে ঘটনাটি জানান এবং ধর্ষণের ঘটনায় বিচার দাবি করেন। তবে বিয়ের ছবি ও ভিডিও বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ সাংবাদিকদের বলেন, ঘটনার দিন মেয়েটিকে তার দাদি থানায় আসেন। তাদের কাছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারের চিকিৎসার ছাড়পত্র ছিল; যেখানে ধর্ষণের বিষয় রয়েছে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়।

তবে এজাহারে বিয়ের বিষয়ে কোনো কথা বলা হয়নি বলে দাবি ওসির। তিনি বলেন, “মেয়েটির বয়স ১৮ বছরের কম হওয়ায় সরকারিভাবে বিয়ের কোনও সুযোগই নেই। সামাজিক বিয়ে আইনত স্বতঃসিদ্ধ নয়। এ ছাড়া কেউ যদি মেডিকেল রিপোর্ট নিয়ে এসে অভিযোগ করে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মামলা নিয়ে থাকি। এক্ষেত্রেও সেটি হয়েছে।”

তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শহিদুল ইসলামকে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

বাল্যবিয়ে গোপন করতে নিবন্ধন না করায় কাঠগড়ায় যুবক

বাল্যবিয়ে গোপন করতেই নিবন্ধন ছাড়া বিয়ে করাতে পরিবারটি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বলে মনে করছেন প্রশাসন। তবে ‘নৈতিকতা’ লঙ্ঘন করে মামলাটি করা হয়েছে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা। 

ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, “আমাদের সমাজে দুই পরিবার ও ছেলে-মেয়ের সম্মতিতে অহরহ বাল্যবিয়ে হচ্ছে। এখানেও তেমনটা হয়েছে। পারিবারিকভাবে বিয়ের পর সংসার হয়েছে তাদের। 

“তবে আইনের দৃষ্টিতে এই বিবাহ স্বীকৃত নয়। যার কারণে পারিবারিক কলহের জেরে ধর্ষণের মত অভিযোগে ছেলেটিকে কঠিন মামলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে; যা আসলেই অমানবিক।”

নিবন্ধনবিহীন বিবাহকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছেন শিপ্রা গোস্বামী। তিনি বলেন, “প্রকাশ্যে মেয়েটি ছেলের বাড়িতে সংসার করেছে; এরপরেও সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র নিবন্ধনের সুযোগ নিয়ে ছেলেটিকে ফাঁসাচ্ছে, আসলে নৈতিকতার কাছে পরিবারটি পরাজিত হয়েছে।” 

এসব মামলার ক্ষেত্রে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় বলে মনে করেন এই আইনজীবী। 

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, বিয়েতে সামাজিক ও আইনি সুরক্ষা হিসেবে নিবন্ধন বাধ্যতামূলক। প্রথমে তারা অবৈধ কাজ করেছে, বাল্যবিয়ে আড়াল করতে নিবন্ধন করেননি। দাম্পত্য কলহের জেরে কনেপক্ষ সুযোগটাকে ব্যবহার করছেন। 

তবে এ ঘটনায় কোনও বিয়ে নিবন্ধক (কাজী) যদি জড়িত থাকেন, তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।