১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিবপুরে ‘একবার সুযোগ চাইলেন’ এমপি সিরাজুলের স্ত্রী

ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।

শিবপুরে ‘একবার সুযোগ চাইলেন’ এমপি সিরাজুলের স্ত্রী
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী ইসলাম।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:08 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম।    

সোমবার বিকালে ফেরদৌসী ইসলামের পক্ষে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সেখানে প্রার্থী সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমাকে উপজেলা পরিষদে একবার সুযোগ দিয়ে দেখেন, আমি কেমন চালাই। আমি লম্বা লম্বা বক্তব্য দিতে জানি না, সুযোগ পেলে কাজ করতে চাই। আপনাদের জন্য কাজ করতে না পারলে পরবর্তীতে আর ভোট দেবেন না। আমিও আপনাদের কাছে আসব না। 

“আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই।”

শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। 

তার স্ত্রী ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।

সভায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সহসভাপতি সামসুল ইসলাম মোল্লা, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিস আহমেদ।

তৃতীয় ধাপে শিবপুর উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ হবে। ১২ মে এখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  

ফেরদৌসী ইসলাম ছাড়াও এখানে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।