২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সাবেক ডিসি-এসপিসহ ২৫ জনের নামে জামায়াত নেতার মামলা

বিচারক মামলাটি আমলে নিয়ে ওসিকে তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন, বলেন বাদীর আইনজীবী।

সাতক্ষীরার সাবেক ডিসি-এসপিসহ ২৫ জনের নামে জামায়াত নেতার মামলা
(বাঁ থেকে) নাজমুল আহসান, চৌধুরী মঞ্জুরুল কবীর, কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাতক্ষীরার তৎকালীন ডিসি-এসপি-এএসপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় জামায়াত নেতা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই জামায়াত নেতা মামলাটি করেন বলে তার আইনজীবী আবু বক্কর সিদ্দিক বলেন।

মামলার বাদী সদর উপজেলার শাকরা কোমরপুর এলাকার বৈচনা গ্রামের মো. মাদার সরদারের ছেলে মো. ওবায়দুল্যাহ। তিনি ভোমরা ইউনিয়ন জামায়াতের বর্তমান আমির।

আদালতের বিচারক মো. মায়নুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে তা এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান।

মামলার অন্যতম আসামিরা হলেন, সাতক্ষীরার তৎকালীন ডিসি নাজমুল আহসান, এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামানসহ ২৫ জন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী। 

অন্য আসামিদের মধ্যে আছেন, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি মো. ইনামুল হক, এসআই মিজানুর রহমান, আবুল হাসেম, হায়াৎ মাহমুদ, শরীফ মিয়াজী ও হেকমত আলীসহ পুলিশের ১৫ জন এবং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের দশজন নেতাকর্মী।

বাদীপক্ষের আইনজীবী সাতক্ষীরার আইনজীবী সমিতির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১ জানুয়ারি এ মামলার আসামিদের যোগসাজশে বাদী বৈচনা গ্রামের ওবায়দুল্যাহর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।  

পরে বুলডেজার দিয়ে তার বাড়ি ব্যাপক ক্ষতিসাধন করা হয়। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে বাদী ওবায়দুল্যাহ এতদিন মামলা করতে পারেননি। 

তাই দীর্ঘ ১৫ বছর পর কোটি টাকার ক্ষতিপূরণসহ আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে তিনি সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেছেন। 

মামলার বাদী ওবায়দুল্যাহ বলেন, “২০১৪ সালের ১ জানুয়ারি তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী। যার নেতৃত্বে ছিলেন, সাতক্ষীরার তখনকার ডিসি নাজমুল আহসান।” 

বাদীর দাবি, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তার আস্থাভাজন সাতক্ষীরার তৎকালীন এসপি মঞ্জুরুল কবিরও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 

“তবে বহাল তরিয়াতে রয়ে গেছেন শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন-গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার তৎকালীন ডিসি নাজমুল আহসান।” 

বাদী ওবায়দুল্যাহ’র দাবি, “নাজমুল আহসানের সময়ে শুধু সাতক্ষীরা জেলাতেই রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে যৌথবাহিনীর গুলিতে ২৭ জন। এদের সবাই বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মী।”