২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে জাপা প্রার্থীর নির্বাচনি ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

ইউএনও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 02:23 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

নির্বাচনি গাড়িতে থাকা ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। 

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় ছাতক উপজেলার পেপার মিল বাজার সংলগ্ন লেবার পাড়া এলাকায় গাড়ি রেখে প্রচারে যান তিনি। ফিরে এসে দেখতে পান তার গাড়িতে সাঁটানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, প্রচারে তার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া দেখে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তিনি দায়ীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন। 

তিনি বলেন, “আমি শান্তিপূর্ণভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি মহল তা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে আমার গাড়ির ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।” 

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা বলেন, “রাতে জাতীয় পার্টির প্রার্থী মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। পরে তিনি লিখিত অভিযোগও জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”