Published : 15 Jun 2026, 09:57 PM
ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সামনে জ্যেষ্ঠ এক আইনজীবী ও তার সহকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পরদিন সোমবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
রোববার বিকালে ঘটনার পর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন- সদর উপজেলার কান্দিপাড়া মাইমলহাটির মজনু মিয়া (৫০), নবীনগর উপজেলার শিবপুরের জসিম মিয়া (৪০) ও তার স্ত্রী চাঁদনী আক্তার (৩৫) এবং একই গ্রামের বাবু মিয়া (২৪)। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- জ্যেষ্ঠ আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু ও তার সহকারী উজ্জ্বল মিয়া। আশরাফ উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মামলা থেকে জানা গেছে, আশরাফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য। রোববার বিকাল ৪টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় নিজ চেম্বারে কাজ করছিলেন আশরাফ উদ্দিন।
এ সময় মজনু, জসিম, চাঁদনী ও বাবুসহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় প্রবেশ করেন। তারা মহড়া প্রদর্শনসহ উচ্চস্বরে চিৎকার করে আশরাফ উদ্দিনের ওপর আক্রমণ করেন। হামলায় তিনি বাম চোখ এবং ডান হাতের কব্জিতে আঘাত পান। তাকে বাঁচাতে গিয়ে আহত হন উজ্জ্বল মিয়া।
আইনজীবী ও তার সহকারীর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করে আদালত পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আইনজীবী ও তার সহকারীর শরীরে একাধিক সেলাই পড়েছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।