গাজীপুরে পুকুরে ভাসছিল নারী ও শিশুর লাশ
স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করার একপর্যায়ে পুকুরে লাশ দুটি ভাসতে দেখে।
গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম।
লাশ উদ্ধার হওয়া নারীর আনুমাণিক বয়স ৩৫ বছর, তার পরনে ছিল নীল রঙের থ্রিপিস। আর বছর আড়াইয়ের শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি শার্ট। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মহিদুল বলেন, দুপুরে স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করার একপর্যায়ে পুকুরে লাশ দুটি ভাসতে দেখে। তারা চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।
মহিদুল আরও বলেন, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তাও এখনো জানা সম্ভব হয়নি।
উদ্ধারের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
