২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘মিছিল করায়’ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

পুলিশ বলছে, ঝটিকা মিছিলকারী অনেক ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 11:18 AM

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করায় সংগঠনটির দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রোববার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, শনিবার গভীর রাতে পৌর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।

স্থানীয়রা বলেন, শনিবার ভোরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল পৌর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজিলের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। 

পরে শহরের মেইন রোডে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পালিয়ে যান।  

পুলিশ বলছে, ঝটিকা মিছিলকারী অনেক ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। ৫ অগাস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, “ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত। সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনও কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এ বিষয় সরকারের কঠোর নজরদারি রাখা উচিত। সরকারের উচিত এ নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে আছে, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা। না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।”

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের নামে মামলা রয়েছে।