Published : 01 Apr 2023, 10:40 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘দেবরের লাঠির আঘাতে’ গৃহবধূ নিহতের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি রেজাউল করিম।
নিহত ৪২ বছর বয়সী জরিনা আক্তার উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা দক্ষিণ পাড়া এলাকার প্রবাসী সাহেব আলীর স্ত্রী।
এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদী হয়ে সালাম মিয়ার (৪০) নামে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার সকালে সালাম মিয়ার সঙ্গে জরিনা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে (কাঠের দণ্ড) জরিনার মাথায় আঘাত করেন সালাম।
“গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে তিনি মারা যান।”
বাদী স্বপ্না আক্তার বলেন, “ছোট একটি ঘটনায় চাচারা মিলে আমার মাকে খুন করেছেন। আমি মা হত্যার বিচার চাই।”
মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি রেজাউল করিম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।