Published : 14 Aug 2024, 04:08 PM
রাঙামাটির রাজস্থলী উপজেলায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পানকাটা ছড়া সীমান্ত সড়কে এ ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী হাসপাতালের চিকিৎসক সৌমেন্দ্র নাথ।
নিহতরা হলেন- উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) এবং একই এলাকার মনু চাকমা।
আহত কালাকেতু (৫০) বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) এবং সুরেশ চাকমাকে (২৫) রাজস্থলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কে কাজ শেষে চাঁদের গাড়িতে করে তারা জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক মারা যান।
বাকিদের উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আহতের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে আটজনকে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন।