নদী পাড়ের গাছ উপড়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর পাড় থেকে গাছ উপড়ে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান।
নিখোঁজ সজিব জলদাস (২৩) মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলেবাড়ির জনার্দন জলদাসের ছেলে। তিনি পেশায় নুরসুন্দর ছিলেন।
স্থানীয়রা জানায়, কিছু দিন আগে ছোট ফেনী নদীতে উজানের পানির চাপে মুছাপুর ক্লোজারটি তলিয়ে যায়। এরপর থেকে ওই এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দেয়। দুপুরের দিকে সজিব জলদাস তার বাবার সঙ্গে নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান।
বিকাল সাড়ে ৪টার দিকে তারা একটি নৌকায় ফেরার সময় নদীর পাড় থেকে দুটি ঝাউ গাছ তাদের নৌকার ওপর উপড়ে পড়ে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় সজিবের বাবা পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সজিব।
এদিকে ঘটনার সময় মোবাইল ফোনে ধারণা করা ভিডিওতে পাড় থেকে নদীতে পরপর দুটি গাছ উপড়ে পড়তে দেখা যায়। এর মধ্যে একটি গাছ সরাসরি নৌকার উপর পড়ে সেটি ডুবে যায়। এ সময় নৌকা থেকে একজনকে সাঁতার কেটে তীরে আসতে দেখা গেলেও অপরজনকে দেখা যায়নি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখনো নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। শনিবার সকালে চট্রগ্রাম থেকে ডুবুরি দল আসার কথা রয়েছে।”
