সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
“শিশুটির এখনো হামের টিকা দেওয়ারও সময় হয়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’
হামের প্রাদুর্ভাবের মধ্যে রাজশাহী ও ময়মনসিংহের পর এবার সিলেটেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। হামের উপসর্গ নিয়ে এ জেলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
পাঁচ মাস ২১ দিন বয়সী শিশু আরিশার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জ এলকায়।
এ নিয়ে চলতি মাসেই হামের উপসর্গে সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শামীম বলেন, ‘‘শিশুটি নিউমোনিয়া ও জ্বর নিয়ে গত ৬ এপ্রিল সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
“শিশুটির এখনো হামের টিকা দেওয়ারও সময় হয়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’
স্বাস্থ্য বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নতুন করে ২ জনের শরীরে হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৯ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (রুবেলা ২ জন), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
