সিরাজগঞ্জে রাস্তার পাশে দাঁড়ানো বাইকে অটোরিকশার ধাক্কা, স্কুলশিক্ষক নিহত
মোটরসাইকেলের ওপর বসে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নূরে আলম।
নিহত তৌহিদুল ইসলাম সম্রাট (৩১) উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি উপজেলার হাটশিরা লক্ষীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।
ওসি নুরে আলম বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে আলমপুরে যান শিক্ষক সম্রাট। সেখানে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে তার ওপরে বসেছিলেন তিনি। এ সময় একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আহত হন সম্রাট।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পর প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সম্রাটের মৃত্যু হয় বলে জানান ওসি নুরে আলম।
তিনি বলেন, ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
