ফেনীতে ‘অপহরণের’ ১৮ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার
এসপি জয়িতা শিল্পী বলেন, উদ্ধার কিশোরীর জবানবন্দি নেওয়ার জন্য তাকে সকালে আদালতে পাঠানো হয়।
ফেনীর সোনাগাজীতে অপহরণের ১৮ দিন পর এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
রোববার রাতে সোনাগাজীর জমাদার বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পিবিআইয়ের ফেনী জেলার এসপি জয়িতা শিল্পী।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. নাছির উদ্দিন বলেন, “গত ২২ অক্টোবর দুপুরে সোনাগাজীর কেরামতিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে অপহৃত হয় ১৩ বছরের ওই ছাত্রী।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আদালত মামলাটি তদন্ত ও অপহৃতকে উদ্ধারের জন্য দায়িত্ব দিলে অভিযানে নামে পিবিআই।
অপহৃতের ফোনকলের সূত্র ধরে ১৮দিন পর রোববার রাতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পিবিআই।
এসপি জয়িতা শিল্পী বলেন, উদ্ধার কিশোরীর জবানবন্দি নেওয়ার জন্য তাকে সকালে আদালতে পাঠানো হয়।
