কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে
নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্য এবং তার ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছেন।
কুড়িগ্রাম সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবার প্রাণ গেছে; এতে আহত হয়েছেন তার ছেলে। যিনি সেনাবাহিনীতে কর্মরত আছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম।
নিহত নজরুল ইসলাম (৫৮) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড়ের মহিরউদ্দিনের ছেলে। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন।
আহত সেনা সদস্য নাজমুল ইসলাম (২৮) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছেন।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, নজরুল ইসলাম সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ছেলে নাজমুলকে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। আহত হন তার ছেলে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত সেনা সদস্য নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
