২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি যুবককে অপহরণের চেষ্টা, প্রতিরোধের মুখে অস্ত্র রেখেই পালাল বিএসএফ

সন্ধ্যায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 11:44 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে। 

তবে স্থানীয় লোকজনের তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় বিএসএফের ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭/৪-এস মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান। 

ভুক্তভোগী লিটন মিয়া (২৮) বলেন, তার বাবা ক্ষেতে কাজ করছিলেন। তখন মা ভাত নিয়ে গেলে বিএসএফ সদস্যরা কাছে এগিয়ে আসে। তখন তিনি তার মাকে সরে আসতে বলেন। 

“তখন বিএসএফের দুজন লোক আমাদের সীমান্তে ঢুকে আমাকে মারতে মারতে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমি চিৎকার করলে আশপাশের ধানক্ষেত ও গ্রাম থেকে স্থানীয়রা ছুটে আসেন। তারা বিএসএফকে বাধা দেন। একপর্যায়ে গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের তীব্র ধস্তাধস্তি শুরু হয়।” 

লিটন বলেন, তোপের মুখে নিজেদের দুটি শটগান ও একটি ওয়াকিটকি ঘটনাস্থলে ফেলে রেখে সীমান্ত পেরিয়ে পালিয়ে যান বিএসএফ সদস্যরা। পরে অস্ত্র ও ওয়াকিটকি বিজিবির বনচৌকি ক্যাম্পে জমা দেওয়া হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “সন্ধ্যায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনার মাধ্যমে উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

“ঘটনার পর থেকে বনচৌকি আমঝোল সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”