২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর মেডিকেলের নির্মাণ কাজের সূচনা

“আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে, মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 03:14 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

পাঁচশ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিনার বিলে হাসপাতালের এ ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে তারেক রহমান বলেন, “আমাদের লক্ষ্যটা হচ্ছে—কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে, মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা।

“কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সব না থাকে তাহলে আমরা পিছিয়ে যাব এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, ‘‘সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারব।

“যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারব। এটাই হোক আমাদের প্রত্যাশা। এটাই হোক আমাদের আশা। এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে বর্তমানে ২৫০ শয্যা রয়েছে।