২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে ‘বিএসএফের ড্রোন’, উদ্ধার করল বিজিবি

বিএসএফের ওড়ানো ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে।

লালমনিরহাট সীমান্তে ‘বিএসএফের ড্রোন’, উদ্ধার করল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা ড্রোন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে; যেটি ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের বলে দাবি বিজিবির।

মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

বিজিবি জানায়, এদিন বেলা সাড়ে ১২টার দিকে সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের কাছে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। এক পর্যায়ে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। 

স্থানীয়রা জানান, ড্রোনটি পড়ার পর বিএসএফ সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা করলে কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট ড্রোনটির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে বলে তাদের জানানো হয়েছে।”