২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

“শিশুদের যে কেবল সাংবাদিকতাই করতে হবে এমনও না। প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা নিজেদের অধিকার, আইন ও তাদের সুরক্ষার বিষয়ে জানতে পারবে।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শেরপুরে শিশু সাংবাদিকতার দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। 

ইউনিসেফের অংশীদারীত্বে সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। 

বুধবার সকালে শেরপুর শহরের নিউ মার্কেটের ‘নিউ আলিশান হোটেল’ মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। 

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর জেলা তত্ত্বাবধায়ক মো. আব্দুর রহিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম খান, জেলা শিশু কর্মকর্তা মো. আসলাম খান ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল অতিথি ছিলেন। 

কর্মশালার প্রশিক্ষক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন এতে স্বাগত বক্তব্য রাখেন। 

প্রথম দিন তিনি শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ তৈরি, তথ্য যাচাই, ফিচার লেখা, সাংবাদিক কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

এরপর শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “শিশুদের জন্য এমন আয়োজন ইতিবাচক ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজনে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। 

“এ ধরনের কর্মশালায় শিশুরা অনেক দূর এগিয়ে যাবে। পরবর্তীতে তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে।” 

তিনি বলেন, “শিশুদের যে কেবল সাংবাদিকতাই করতে হবে এমনও না। প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা নিজেদের অধিকার, আইন ও তাদের সুরক্ষার বিষয়ে জানতে পারবে।” 

অতিথিরা শিশুদের অধিকারের বিষয়গুলো তুলে ধরে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তাদের বক্তব্যের পর কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম চলে। 

এই কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। 

শিশুরা এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। একই সঙ্গে তাদের পছন্দ অপছন্দের ও অধিকারের বিষয়গুলো স্বাচ্ছন্দে ব্যক্ত করে।