২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের গাড়ি চাপায় প্রাণ গেল বাইকের ২ আরোহীর

হতাহত তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় সড়কে গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন। 

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার মোয়াজ্জেমপুর থানার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনায়। 

মনজুর কোনাবাড়ির এশরারনগর হাউজিং এলাকায় এবং এহসান ও হামিদ হরিণাচালার এলাকায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রাজীব সরকার জানান, রাত ৯টার দিকে কোনাবাড়ি থেকে মোটরসাইকেলে তিনজন গাজীপুরের দিকে যাচ্ছিলেন। বাইমাইল ব্রিজের উপর পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। 

“এতে আরোহীরা মহাসড়কের উপর পড়ে গিয়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরেকজন গুরুতর আহত হন।” 

কোনাবাড়ি থানার ওসি আশরাফ বলেন, “নিহতদের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আহতাবস্থায় একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”